বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক

বিশ্বের ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা ও কার্যক্রমের ভিত্তিতে প্রথমবারের মতো ‘ওয়ার্ল্ডস টপ পারফর্মিং ব্যাংকস ২০২৬’–এর তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। বাজার গবেষণাপ্রতিষ্ঠান স্ট্যাটাটিসটার সঙ্গে অংশীদারি ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় স্থান পেয়েছে ৮৯টি দেশের ৫০০টি ব্যাংক। প্রথমবারের মতো ফোর্বস–এর করা সেরা পারফর্মিং ব্যাংকসের তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে তালিকায় স্থান পেয়েছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকেও আজ মঙ্গলবার রাতে ফোর্বস–এর এই বৈশ্বিক তালিকায় স্থান পাওয়ার তথ্য নিশ্চিত করা হয়। ফোর্বস জানিয়েছে, বিশ্বের সেরা পারফর্মিং ব্যাংকের এই তালিকা করা হয়েছে ব্যাংকের বস্তুনিষ্ঠ আর্থিক তথ্যের ভিত্তিতে। এ ক্ষেত্রে এসঅ্যান্ডপি ক্যাপিটালের মতো শীর্ষস্থানীয় তথ্য সরবরাহকারীর তথ্য, গবেষণা ও ব্যাংকগুলোর নিজস্ব তথ্য ব্যবহার করা হয়েছে।চার সূচকের মূল্যায়নের ভিত্তিতে ব্যাংকের এই র্যাঙ্কিং করা হয়েছে। সূচক চারটি হচ্ছে—মুনাফা যোগ্যতা বা প্রফিটিবিলিটি, প্রবৃদ্ধি ও আয়ের গুণমান, মূলধন ও তহবিলের সক্ষমতা এবং সম্পদের গুণমান ও দক্ষতা। এই চার সূচকের বাইরে সম্পদের আকার অনুযায়ী আবার ব্যাংকগুলোকে ছয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে।ফোর্বস–এর তালিকায় ছয় শ্রেণির মধ্যে ৫০ হাজার কোটি ডলারের বেশি সম্পদ থাকা ব্যাংকগুলোকে টায়ার-১ বা বৈশ্বিক ব্যাংক হিসেবে ধরা হয়েছে। ১০ হাজার থেকে ৫০ হাজার কোটি ডলার সম্পদের ব্যাংকগুলো টায়ার-২ বা বড় ব্যাংক। ৫ হাজার থেকে ১০ হাজার কোটি ডলারের ব্যাংক টায়ার-৩ বা উচ্চ-মধ্যম আকারের ব্যাংক। এ ছাড়া ২ হাজার থেকে ৫ হাজার কোটি ডলারের ব্যাংক টায়ার-৪, ১ হাজার থেকে ২ হাজার কোটি ডলারের ব্যাংক টায়ার-৫ এবং ৩০০ কোটি থেকে ১ হাজার কোটি ডলারের ব্যাংককে টায়ার-৬ হিসেবে শ্রেণিভাগ করা হয়েছে।এই ছয় শ্রেণির মধ্যে বাংলাদেশের ব্র্যাক ব্যাংক একমাত্র ব্যাংক হিসেবে জায়গা পেয়েছে টায়ার–৫–এ। অর্থাৎ এই তালিকায় ব্র্যাক ব্যাংক ‘লোয়ার মিড-সাইজ ব্যাংক’ শ্রেণিতে অবস্থান করছে। ৫০০ ব্যাংকের তালিকায় ৭৩তম অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রেফাত উল্লাহ খান। ফোর্বস জানিয়েছে, ব্যাংকটিতে বর্তমানে কর্মী সংখ্যা ৭ হাজার ৪৮৩।সেরা ব্যাংক হিসেবে বৈশ্বিক তালিকায় স্থান পাওয়ার বিষয়ে জানতে চাইলে ব্যাংকটির এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান প্রথম আলোকে বলেন, ‘এটি শুধু ব্র্যাক ব্যাংকের একক অর্জন নয়। এটি বাংলাদেশের জন্যই বড় অর্জন। ব্র্যাক ব্যাংক দীর্ঘদিন ধরেন সুনাম, সুশাসন ও দক্ষতার সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। গত বছর ব্যাংকটি আর্থিক বিভিন্ন সূচকে খুব ভালো প্রবৃদ্ধি করেছে। আমার পূর্বসূরিরা ব্যাংকটিকে একটি পর্যায়ে নিয়ে এসেছিলেন। আমার নেতৃত্বে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান অনুসরণ ও নির্দেশনা মেনে সব কর্মী, উদ্যোক্তা, পরিচালনা পর্ষদ, শেয়ারধারী ও আমানতকারীদের সঙ্গে নিয়ে একটি ধারাবাহিক টেকসই প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছি। তারই প্রতিফলন হিসেবে ফোর্বস–এর বৈশ্বিক ৫০০ ভালো ব্যাংকের তালিকায় আমরা স্থান করে নিয়েছি। এটি ব্র্যাক পরিবারসহ পুরো বাংলাদেশের জন্যই গর্বের বিষয়।’Read More: Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top